

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাদের হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) রাতে তাদের কলকাতা থেকে বিমানে করে দিল্লিতে পাঠানো হয়। মঙ্গলবার (২৪ মার্চ) তাদের এনআইএ-এর বিশেষ আদালতে তোলার কথা ছিল।
এর আগে ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত এনআইএ-এর করা জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন। পরে এনআইএ আদালতে নতুন আবেদন জানিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে সেখানে জিজ্ঞাসাবাদ না করার অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে আদালত আসামিদের দিল্লিতে নেওয়ার অনুমতি দেন।
আদালত সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবিরোধী আইন ‘আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ-এর ১৬ ও ১৮ ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও সহায়তার অভিযোগ রয়েছে, যেখানে দোষ প্রমাণিত হলে ন্যূনতম পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
এর আগে বিচারক নিশান মজুমদার তাদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ ২ এপ্রিল নির্ধারণ করা হয়।
গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে ফাঁসানো হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গত ৭ ও ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন
