শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল নিয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করবে ভারত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০১:৫৯ এএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ।। ছবি: সংগৃহীত
expand
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ।। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে বাংলাদেশ। বিষয়টি বর্তমানে ভারতের সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপ একই ধরনের অনুরোধ জানিয়েছে। সভারতের নিজস্ব চাহিদা ও শোধনাগারের সক্ষমতা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোতে পরিশোধিত জ্বালানি পণ্য রপ্তানি করে আসছে। বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিত ডিজেল সরবরাহ করা হয়। সড়ক, রেল ও পাইপলাইনের মাধ্যমে ২০০৭ সাল থেকেই এই সরবরাহ কার্যক্রম চলছে।

২০১৭ সালে নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে ডিজেল সরবরাহ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। সেই চুক্তির আওতায় বর্তমানে বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকের পর জানা যায়, জ্বালানি নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে।

এদিকে একই ব্রিফিংয়ে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্যের বাইরে তার আর কিছু বলার নেই।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও ব্যাহত হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন