বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্রেন ডেড’ ঘোষণা, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতেই প্রাণ ফিরে পেলেন নারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে সত্যিই চমকপ্রদ একটি ঘটনা ঘটেছে। বেরেইলিতে বাসিন্দা ভিনিতা শুক্লা, যাকে চিকিৎসকরা ব্রেন ডেড ঘোষণা করেছিলেন, হঠাৎ স্বাভাবিকভাবে আবার শ্বাস নিতে শুরু করেছেন। পরিবারের সদস্যরা এটি অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি বাড়ির কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন ভিনিতা। তাকে বেরেইলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ এবং তিনি কার্যত ব্রেন ডেড অবস্থায় রয়েছেন।

চিকিৎসকদের এই রিপোর্ট শোনার পর ভিনিতার পরিবার ভেঙে পড়েন। এরপর ২৪ ফেব্রুয়ারি তাঁকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, সেই সময় ভিনিতা শ্বাস নিচ্ছিলেন না, শুধু দুর্বলভাবে হৃৎস্পন্দন চলছিল।

পথে হাফিজগঞ্জ এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি বড় গর্তে পড়লে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। ঠিক সেই মুহূর্তে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। ভিনিতা হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। বিষয়টি দেখে পরিবারের সবাই বিস্মিত হয়ে শেষকৃত্যের প্রস্তুতি বন্ধ করে দেন।

তারপর তাঁকে দ্রুত নিউরোসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় চিকিৎসা শুরু করেন। প্রয়োজনীয় পরীক্ষা, সঠিক রোগ নির্ণয় এবং পরবর্তী চিকিৎসার ফলে ভিনিতার শারীরিক অবস্থা দ্রুত উন্নতি করে। একদিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। স্বামী কুলদীপ এই ঘটনাকে মৃত্যুকে জয় করা হিসেবে বর্ণনা করেছেন।

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি আলোচনার বিষয়। অনেক বিশেষজ্ঞের মতে, সম্ভবত আগের হাসপাতালের নির্ণয়ে ভুল ছিল, অথবা ভিনিতার অবস্থাকে ভুলভাবে ব্রেন ডেড হিসেবে ধরা হয়েছিল। তবে পরিবারের কাছে এটি নিঃসন্দেহে একটি অলৌকিক প্রত্যাবর্তন, যেখানে রাস্তার একটি গর্তই ভিনিতার জীবন বাঁচিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন