

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের লাদাখে পূর্ণ রাজ্যের স্বীকৃতি ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে আন্দোলন সহিংস রূপ নিয়েছে।
২৪ সেপ্টেম্বর (বুধবার) লেহ শহরে সংঘটিত তুমুল বিক্ষোভে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিকেল ৪টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার অগ্রগতি সত্ত্বেও হঠাৎ করেই পরিস্থিতি জটিল আকার নেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে সরকারের কথাবার্তায় ইতিবাচক অগ্রগতি হয়েছিল।
কিন্তু কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্রগতিকে ভণ্ডুল করতে মাঠে নেমেছেন।
পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে উসকানির অভিযোগে দায়ী করেছে মন্ত্রণালয়। তারা বলছে, ওয়াংচুক নেপালের ‘জেন-জি’ আন্দোলন ও আরব বসন্তের দৃষ্টান্ত টেনে জনগণকে বিভ্রান্ত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয় ও হিল কাউন্সিলের দপ্তরে পাথর ছুঁড়ে আক্রমণ চালান। পরে তারা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ও আরও কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। বিজেপি কার্যালয়ের আসবাবপত্র ও নথিপত্রও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।
পরিস্থিতি সামলাতে পুলিশ ও আধাসামরিক বাহিনী টিয়ারগ্যাস ছোড়ে। এসময় অন্তত ৩০ জন পুলিশ ও সিআরপিএফ সদস্য আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাতে বাধ্য হয়।
বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো—লাদাখকে রাজ্য মর্যাদা প্রদান এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি। লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স প্রায় চার বছর ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একাধিকবার সরকারের সঙ্গে আলোচনায় বসেছে।
অন্যদিকে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক তার ১৫ দিনের অনশন শেষ করার ঘোষণা দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল মূলত উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর জন্য বিশেষ প্রশাসনিক ক্ষমতা নির্ধারণ করে। এর আওতায় থাকে স্বায়ত্তশাসিত পরিষদ, আর্থিক কর্তৃত্ব এবং স্থানীয় সংস্থার ক্ষমতা।
আগামী ৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
