রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মরক্কোর সীমান্তঘেঁষা স্প্যানিশ ছিটমহল সেউতায় ব্যাপকভাবে অভিবাসীদের প্রবেশের জেরে ইউরোপে নতুন করে অভিবাসী সংকট তৈরি হয়েছে। এই ঘটনার পরপরই তড়িঘড়ি স্পেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাসপোর্টহীন চলাচলের ‘শেনজেন চুক্তি’ এক মাসের জন্য স্থগিত করেছে ইতালি। খবর রয়টার্সের।

তবে দেশটির সরকার নিশ্চিত করেছে, এই পদক্ষেপের ফলে স্পেন বা ইইউ’র অন্য কোনও দেশের নাগরিকদের ইতালি ভ্রমণে কোনও প্রভাব পড়বে না। এর পরিবর্তে স্পেন থেকে আকাশ বা পানিপথে আসা অ-ইইউ দেশের নাগরিকদের তল্লাশির মুখে পড়তে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আমাদের দেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব রোধে এই অসাধারণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যবস্থা কেবল প্রয়োজনীয় সময়টুকুর জন্যই বজায় রাখা হবে। গ্রীষ্মকালীন পর্যটক প্রবাহে যেন কোনও বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে।’

ইতালি আরও জানিয়েছে, অনথিভুক্ত অভিবাসীরা যাতে সীমান্ত পার হতে না পারে, সেই জন্য ফরাসি-ইতালীয় সীমান্তেও নজরদারি জোরদার করতে প্যারিসের সঙ্গে সমঝোতা হয়েছে।

স্পেন সরকার সেউতায় অভিবাসীদের আকস্মিক ঢল অনেকটাই নিয়ন্ত্রণে আনার দাবি করার পরই ইতালির তরফ থেকে এই ঘোষণা এলো। সেউতায় ঢুকে পড়া ৫০ হাজারেরও বেশি মানুষের অধিকাংশই স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।

তবে মেলোনির ডানপন্থী সরকারের বিরোধীরা এই নতুন সীমান্ত তল্লাশিকে স্রেফ ‘প্রতীকী’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, সেউতায় আসা অভিবাসীদের ইতালিতে যাওয়ার ইচ্ছা বা পরিকল্পনা ছিল—এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, শেনজেন অঞ্চলের আওতায় ইউরোপের ২৯টি দেশে কোনও ধরনের পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করা যায়। তবে অভ্যন্তরীণ নিরাপত্তা বা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সদস্য রাষ্ট্রগুলো সাময়িকভাবে পুনরায় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার অধিকার রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন