বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গ্যান্ডারকেসি শহরে, যেখানে বিমানটি একটি একতলা বাড়ির ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় বিমানে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। বাড়ির ছাদে বিশেষ মই ব্যবহার করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মরদেহ বিমান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) পুলিশের বরাতে জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান অত্যন্ত জটিল ছিল এবং এতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি চিকিৎসা দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কী কারণে বিমানটি উচ্চতা হারিয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে সেটি ব্রেমেন শহরের কাছে একটি আবাসিক এলাকার একতলা বাড়ির ছাদে বিধ্বস্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা সেখানে ছিলেন না। ফলে বাড়ির কেউ হতাহত হননি। তবে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে এলাকাটির বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন