

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে দেশটির সামরিক বাহিনী-সমর্থিত সরকার। শনিবার (১৫ আগস্ট) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ রোহিঙ্গার তালিকা থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।
তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় সফলভাবে যাচাই করা যায়নি। আর ৪ হাজার ২৪১ জন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন বলে দাবি করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা সাবেক বাসিন্দাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটি বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
রোহিঙ্গা সংকটের প্রায় নয় বছর পর মিয়ানমার সরকার এ সিদ্ধানে পৌঁছেছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে সামরিক বাহিনী ও বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কারণে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে বসবাস করছিলেন।
২০১৭ সালের ওই সামরিক অভিযানকে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন পক্ষ জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে।
সূত্র: ইন্ডিপেনডেন্ট


