

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার ইউরোপে অবস্থানের সময় দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি। ৯৩ বছর বয়সী বিয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। তার দীর্ঘ অনুপস্থিতিতে আবারও তার স্বাস্থ্য ও দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ৭ জুন বিয়া ইউরোপের উদ্দেশে ক্যামেরুন ছাড়েন। তার কার্যালয় তখন এটিকে ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত ইউরোপ সফর’ বলে জানিয়েছিল। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তিনি দেশে ফেরেননি। গত সপ্তাহে ক্যামেরুনের সরকারি মুখপাত্র রেনে এমানুয়েল সাদি ফরাসি রেডিও আরএফআইকে জানান, বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় আছেন। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট আহমাদু আহিদজোর পদত্যাগের পর ক্ষমতায় আসেন বিয়া। ১৯৮৪ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর বহুদলীয় ব্যবস্থা চালুর পর আরও ছয়বার নির্বাচনে জয় পান। গত বছর বিতর্কিত অষ্টম মেয়াদে নির্বাচিত হন তিনি। এই মেয়াদ শেষ হলে তার বয়স প্রায় ১০০ বছর হবে।
বিয়ার দীর্ঘ শাসন নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। গত বছরের নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ‘সেরাটা এখনো আসেনি।’ তবে বিরোধীরা ওই নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে অভিযোগ করে। নির্বাচনের সময় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে।
বিয়া ক্যামেরুনের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং বিশ্বের দীর্ঘদিন ক্ষমতায় থাকা নেতাদের একজন। চার দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার কারণে দেশটির বিপুলসংখ্যক মানুষের জীবনে তিনিই একমাত্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিত।
বিয়ার দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা অবশ্য নতুন নয়। তবে এবারের মতো টানা দীর্ঘ অনুপস্থিতি নিয়ে নতুন করে তার স্বাস্থ্য ও দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যামেরুনে তার স্বাস্থ্য নিয়ে গুজবও নতুন নয়। সরকারকে অতীতে একাধিকবার তার গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর খবর অস্বীকার করতে হয়েছে। ২০২৪ সালে সরকার তার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে আলোচনা নিষিদ্ধ করে এটিকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে উল্লেখ করেছিল।
বিয়া দেশের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। চলতি মাসের শুরুতেই তিনি বড় ধরনের সামরিক রদবদলের অনুমোদন দিয়েছেন। তবে তার দীর্ঘ অনুপস্থিতিতে দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
দেশটির সরকার অবশ্য ক্ষমতার শূন্যতার আশঙ্কা নাকচ করেছে। মুখপাত্র সাদি আরএফআইকে বলেছেন, ‘প্রেসিডেন্ট পল বিয়া জীবিত আছেন’ এবং ‘শিগগিরই ফিরবেন।’
সূত্র: সিএনএন


