বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৩:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

উত্তর আলজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে হতাহতের এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সগামী একটি যাত্রীবাহী বাস এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম এননাহার টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনার পর দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে এ ঘোষণা নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে তেব্বুন বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে কোনো ছাড় না দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

দেশটির সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা ও অন্যান্য মানবিক ভুল আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনার বড় কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি আলজেরিয়ার অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে গত বছরের আগস্টে রাজধানী আলজিয়ার্সের কাছে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত ও ২১ জন আহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলীয় বেচার এলাকায় বাস দুর্ঘটনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন