শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নেতৃত্ব বরণে প্রস্তুত শেকৃবি ছাত্রদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:০৭ পিএম
লোগো
expand
লোগো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বর্তমান কমিটিতে তাপস সভাপতি এবং আলমগীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ২০২২ সালে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে তারিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে সামাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফরহাদ দায়িত্ব পান। এই কমিটির মেয়াদও অনেক আগেই শেষ হয়েছে, তবে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তাই দীর্ঘদিনের ছাত্রদলের ত্যাগী কর্মীরা নতুনভাবে কমিটি চায়, ছাত্রদলের পরিচয় ফিরে পেতে চায়।

জুলাই আন্দোলনে ছাত্রদলের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি এবং শিবিরের কমিটি গঠন হলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঐতিহ্য কিছুটা ম্লান হয়ে পড়ে। বর্তমানে জোর গুঞ্জন উঠেছে যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি নতুন করে গঠন হতে যাচ্ছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, কিছু মেধাবী এবং বিরোধী আমলে রাজপথে সক্রিয় নেতাকর্মীরা মূল্যায়িত হতে যাচ্ছেন।

আলোচনায় নাম উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের ছাত্র ও বর্তমান পিএইচডি গবেষক সামাদের। তার নিজ জেলা ঠাকুরগাঁও। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছিরের অনুসারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের কয়েকজন আলোচনায় আছেন। এর মধ্যে উল্লেখযোগ্য রাসেল পারভেজ ও জীব্রাইল শরীফ। তারাও নাছিরের অনুসারী বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের প্রার্থীদের মধ্যে আছেন মোহাইমেন। তিনি বিরোধী দলের আমলে সরাসরি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং তার দুলাভাই বিগত জুলাই আন্দোলনে শহীদ হন।

অন্যদিকে, ১৯তম ব্যাচের ছাত্র শোআইব ইসলামও আলোচনায় আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শোআইবের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার মতো ফলাফল থাকলেও শেখ হাসিনাবিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবের অনুসারী। এছাড়াও ১৯তম ব্যাচের সামিউল আলোচনায় আছেন। তিনি রাকিবপন্থী হলেও বিগত আমলে আন্দোলন-সংগ্রামে তার সরব উপস্থিতি ছিল না।

বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোরসালিন অনিক। তিনি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং পারিবারিকভাবে বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। মোরসালিন অনিকের বাড়ি বগুড়ায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন