শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
তামিলনাডু বিধানসভা

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ বিজয়, আটকে গেল শপথ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৫২ পিএম আপডেট : ০৮ মে ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে সরকার গঠন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করতে না পারায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) শপথ গ্রহণের পথে জটিলতার মুখে পড়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) বিকেলে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবারও বৈঠক করেন টিভিকে প্রধান বিজয়। গত তিন দিনের মধ্যে এটি ছিল তাদের তৃতীয় বৈঠক। আলোচনার মূল বিষয় ছিল, নির্বাচনের পর সরকার গঠন প্রক্রিয়ায় তৈরি হওয়া অচলাবস্থা নিরসন।

বৈঠকে বিজয় দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। তবে রাজভবন সূত্রে জানানো হয়েছে, এই দাবি পুরোপুরি নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি। ফলে তাকে এখনই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্রের দাবি, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। কিন্তু টিভিকে বর্তমানে ১১৬ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে পেরেছে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে দুই আসন কম। এই ঘাটতিই এখন বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিসিকে, এএমএমকে এবং আইইউএমএলসহ কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালানো হলেও শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করা যায়নি। বিশেষ করে ভিসিকে ও আইইউএমএলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থনপত্র রাজভবনে জমা দেওয়া হয়নি। আইইউএমএল ইতোমধ্যে স্পষ্ট করেছে, তারা টিভিকে নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না।

এর আগে নির্বাচনে বড় চমক দেখিয়ে টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় লাভ করে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি দীর্ঘদিন ধরে রাজ্যে আধিপত্য বিস্তারকারী ডিএমকে ও এআইএডিএমকের ভরাডুবি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন