শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মিরপুর টেস্ট

দাপট দেখিয়ে প্রথম দিন পার বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান। ব্যাট হাতে নিজের ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অন্যদিকে, শতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে মুমিনুল হককে। ৯১ রান করে আউট হন তিনি। দিনের খেলা শেষে মুশফিকুর রহিম ৪৮ এবং লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে শুক্রবার (৮ মে) টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩১ রানেই দুই উইকেট হারানোর পর পরিস্থিতি সামাল দেন নাজমুল শান্ত ও মুমিনুল হক। তাদের দৃঢ় জুটিতে লাঞ্চের আগেই স্কোর পৌঁছে যায় ১০১ রানে।

দ্বিতীয় সেশনেও বাংলাদেশের ব্যাটারদের দাপট অব্যাহত থাকে। বিশেষ করে শান্ত ছিলেন আত্মবিশ্বাসী। চার-ছক্কার মিশেলে তিনি ফিফটি পূর্ণ করেন। অন্যদিকে ধৈর্য ধরে খেলতে থাকা মুমিনুলও শত বলের বেশি খেলে অর্ধশতক করেন।

এরপর দ্রুতই শতকের মাইলফলক স্পর্শ করেন শান্ত। ১২৯ বলে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার। এটি ছিল তার ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। তবে শতক করার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ১০১ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফেরার পর অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক দলের ইনিংস এগিয়ে নেন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। তবে ব্যক্তিগত শতকের খুব কাছে গিয়ে নোমান আলীর স্পিনে আউট হন মুমিনুল। তার বিদায়ে ভাঙে ৭৩ রানের জুটি।

শেষদিকে আর কোনো বিপদ হতে দেননি মুশফিক ও লিটন। তাদের ব্যাটে ভর করে দিন শেষ করে বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান নিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন