সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুদানকে ভাগ করে নিলো সেনাবাহিনী ও আরএসএফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

উত্তর আফ্রিকার বৃহত্তম দেশ সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে চলা তিন বছরের সংঘর্ষ মানবিক সংকটে পরিণত হয়েছে। জাতিসংঘ ও স্থানীয় সংস্থার তথ্য অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় দেড় কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

ধোঁয়ায় আচ্ছন্ন শহর, পুড়ে যাওয়া ঘরবাড়ি এবং আতঙ্কিত মানুষের ভিড়ে দেশটি যেন এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জিহাদ মাশামউন বলছেন, এটি কোনো একপক্ষের অভিযান নয়, বরং পাল্টাপাল্টি দখলের খেলা।

সেনাবাহিনী ও আরএসএফ উভয়ই কয়েক মাস ধরে বিভিন্ন অঞ্চল দখল করছে এবং হারাচ্ছে। উদাহরণস্বরূপ, ওয়েস্ট এল-ওবেইদের উম সুমেইমা শহর আবার সেনাবাহিনীর দখলে এসেছে। দেশের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড এখন সেনাবাহিনীর, বাকি ৪০ শতাংশ আরএসএফ ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে। দক্ষিণের ব্লু নাইল থেকে দারফুর পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

বিশ্লেষকরা দারফুরকে মানবতার কবরস্থান হিসেবে আখ্যায়িত করেছেন। গণহত্যা, লুটপাট ও নির্যাতনের অভিযোগে মানবাধিকার সংস্থাগুলো সক্রিয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী, শুধু দারফুর থেকেই ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছেন।

একসময় প্রাণকেন্দ্র খার্তুম এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল ও স্কুল ধ্বংস, রাস্তায় পড়ে রয়েছে হাজারো লাশ, খাদ্য সংকট চরমে। মাশামউন বলছেন, “সুদান এখন এক ভয়াবহ অচলাবস্থায়, শৃঙ্খলা নেই, নেতৃত্ব নেই, শুধু ধ্বংস আর মৃত্যু।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X