

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচনা হয়েছে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কট্টর রক্ষণশীল রাজনীতিক সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২১ অক্টোবর) জাপানের পার্লামেন্টের দুই কক্ষ নিম্নকক্ষ ও উচ্চকক্ষে ভোটগ্রহণ শেষে তাকাইচির বিজয় ঘোষণা করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর এই নেতা নিম্নকক্ষে পেয়েছেন ২৩৭ ভোট, যা প্রয়োজনীয় ২৩৩ ভোটের চেয়ে বেশি।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ইউশিহিকো নোদা পেয়েছেন ১৪৯ ভোট।
রান-অফ ভোট শেষে তাকাইচি উচ্চকক্ষেও জয়ী হন। সেখানে তিনি ১২৫ ভোট পান, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে একটি বেশি। এভাবে তাকাইচি আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন যা দেশটির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরুষ-প্রধান রাজনীতিতে এই প্রথম একজন নারী শীর্ষপদে আসীন হওয়ায় জাপানের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো।
গত সোমবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং প্রধান বিরোধী দল জাপান ইনোভেশন পার্টি একত্রে জোট সরকার গঠনের চুক্তি স্বাক্ষর করে।
এই চুক্তির পর থেকেই তাকাইচির প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তবে তখনও তার জন্য আরও দুই ভোটের ঘাটতি ছিল, যা পরবর্তী ভোটে পূরণ হয়।
এর আগে এ মাসের শুরুতে তাকাইচি এলডিপির দলীয় নেতৃত্বে নির্বাচিত হন। কিন্তু দীর্ঘদিনের জোটসঙ্গী কোমেইতো দল জোট থেকে সরে দাঁড়ালে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়, যা কাটিয়ে উঠতে নতুন জোট গঠন জরুরি হয়ে পড়ে।
তাকাইচির নেতৃত্বে এলডিপির পুনর্গঠন এবং তার রাজনৈতিক দূরদর্শিতা আন্তর্জাতিক মহলেও নজর কাড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকাইচিকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বকে “অসাধারণ খবর” বলে মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প তাকাইচিকে ‘সম্মানিত, জ্ঞানী ও শক্তিশালী নেতা’ হিসেবে আখ্যায়িত করে তাকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আস্থার বার্তা দেন।
জবাবে তাকাইচি জানান, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী এবং উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করবেন।
মন্তব্য করুন
