

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে জোরালো পাল্টা হামলা চালানো হয়েছে। এছাড়া জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত দেশটির একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র পরমাণুকেন্দ্রের সীমানায় আঘাত হেনেছে। তবে পারমাণবিক চুল্লি ও মূল অবকাঠামো অক্ষত রয়েছে এবং কেন্দ্রটি নিরাপদ আছে।
বুশেহরের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান জানান, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
অন্যদিকে ফার্স নিউজ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের চোগাদাক এলাকার বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এহসান জাহানিয়ান আরও বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়াও চোগাদাক শহরের একটি সামরিক ঘাঁটি এবং প্রদেশের দক্ষিণাঞ্চলের একটি মাছ ধরার জেটিতেও হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে বুধবার (৮ জুলাই) রাতে দ্বিতীয় দফায় ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।
বৃহস্পতিবার (৯ জুলাই) সেন্টকম এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় দফায় বুধবার রাতে ৯০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং সামরিক অবকাঠামো।
সূত্র: রয়টার্স, আলজাজিরা