

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুই মৌসুমি ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর তাণ্ডবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ২৭ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা এক বিবৃতিতে বলা হয়, গত ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত লাগাতার বৃষ্টি ও প্রবল ঝড়ে দেশটির পাঁচটি রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বিপর্যস্ত রাজ্য ভেরাক্রুজ, যেখানে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারো রাজ্যে ১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভেরাক্রুজ প্রদেশেই তিন দিনে ৫৪০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সৃষ্টি হয়েছে ব্যাপক বিদ্যুৎবিচ্ছিন্নতা।
দুর্যোগ দপ্তর জানায়, জাতীয় সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। ভূমিধস ও ধ্বংসস্তূপে চাপা পড়ে আরও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকারি হিসাব বলছে, দেশের ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। এখনো ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করছে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউই ত্রাণ ও সহায়তা থেকে বঞ্চিত হবেন না।
সূত্র: রয়টার্স, এএফপি
মন্তব্য করুন