

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের সবচেয়ে দামি বার্গার এখন স্পেনের কাতালোনিয়া অঞ্চলের এক বিশেষ রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে। দাম শুনলে চমকে উঠবেন-একটি বার্গারের মূল্য ১১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ লাখেরও বেশি!
এই বিলাসবহুল খাবারটি পরিবেশন করা হয় কাতালোনিয়ার কাবরেরা দে মার এলাকায় অবস্থিত ‘আসাদর আউপা’ নামের এক প্রিমিয়াম রেস্তোরাঁয়। তবে এটি সাধারণ ক্রেতাদের জন্য নয়, শুধুমাত্র রেস্তোরাঁর বিশেষ অতিথিরাই এই ব্যতিক্রমী বার্গারের স্বাদ নিতে পারেন।
রেস্তোরাঁটি মূলত বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের জন্য পরিচিত। প্রায় আট বছরের গবেষণা ও রন্ধনপ্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার পর তাদের অভিজ্ঞ শেফ টিম এই অসাধারণ বার্গারটি তৈরি করেছেন।
রেস্তোরাঁর মালিক ও প্রধান শেফ বোসকো হিমেনেজ, যিনি ‘বি-ডে ভাইকিঙ্গো’ নামেও পরিচিত, জানিয়েছেন-এই বার্গারের বিশেষত্ব সোনার প্রলেপ বা বিলাসী সাজসজ্জায় নয়; বরং এর উচ্চমানের উপকরণ, নিখুঁত রান্নার কৌশল এবং অনন্য স্বাদে।
বোসকো বলেন, আমাদের ধারণা অনুযায়ী বিলাসিতা মানে ঝলমলে কিছু নয়-বরং নিখুঁত মান ও শ্রেষ্ঠ স্বাদই আসল বিলাসিতা।
তবে এই বার্গার খাওয়ার সুযোগ কেবল ধনীদের জন্যও নয়-রেস্তোরাঁর আমন্ত্রণ ছাড়া কেউ এটি অর্ডার করতে পারবেন না। তাই বিশ্বের সবচেয়ে দামী এই বার্গারের স্বাদ পাওয়া এখন একপ্রকার রন্ধনশিল্পের বিশেষ সৌভাগ্য।
সূত্র: সামা টিভি
মন্তব্য করুন
