

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে চীন ও ইরানের সম্ভাব্য প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের শীর্ষ বিনিয়োগ বিশ্লেষকদের একজন সৌরভ মুখার্জিয়া। মার্সেলাস ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা তিনি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি এই গুরুত্বপূর্ণ প্রণালির নিয়ন্ত্রণ চীন ও ইরানের হাতে চলে যায়, তবে তা ভারতের জন্য দীর্ঘমেয়াদে গুরুতর ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।
সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন অবকাঠামোয় কঠোর হামলার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।
তবে সৌরভ মুখার্জিয়ার মতে, বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে বৃহত্তর শক্তির লড়াই। তার ধারণা, চীন কৌশলগতভাবে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে হরমুজ প্রণালির ওপর প্রভাব বিস্তার করতে চাইছে। যদি তা ঘটে, তাহলে বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে এটি চীনের জন্য বড় ধরনের কৌশলগত সাফল্য হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এমন পরিস্থিতি তৈরি হলে এর প্রভাব স্বল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘ সময়—মাসের পর মাস—স্থায়ী হতে পারে।
কার্নেগি এনডাউমেন্টের গবেষক আবদুল্লাহ বাবাবুদেও এই মতকে সমর্থন করে জানিয়েছেন, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম খনিজ তেল আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের তেলের ওপর অতি-নির্ভরশীলতা থেকেই বেইজিং এখন এই অঞ্চলে তার সামরিক ও কৌশলগত প্রভাব বাড়াতে মরিয়া।
ইতোমধ্যে ২০২১ সালে ইরানের সাথে ২৫ বছর মেয়াদী কৌশলগত চুক্তির মাধ্যমে চীন সস্তায় তেল পাওয়ার পাশাপাশি সেখানে বিশাল বিনিয়োগের পথ প্রশস্ত করেছে।
এছাড়া পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বন্দরে বিনিয়োগের মাধ্যমে তারা হরমুজ প্রণালির ওপর একটি বিকল্প নিয়ন্ত্রণ বলয় তৈরির চেষ্টা করছে।
এই ভূ-রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য দ্বিমুখী সংকট তৈরি করছে। সৌরভ মুখার্জিয়া উল্লেখ করেন, বর্তমান সংঘাত শুরু হওয়ার আগেই ভারতের অর্থনীতি মন্থর গতিতে চলছিল। এখন তেলের উচ্চমূল্য, রুপির দরপতন এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে পরিস্থিতি আরও জটিল হবে। এর ফলে সাধারণ মানুষের ভোগ ব্যয় এবং শিল্প উৎপাদন ব্যাহত হবে, যা সরাসরি শেয়ার বাজার ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে মধ্যবিত্তের ভোগ পণ্যের বাজার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং কর্পোরেট মুনাফায় টান পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি।
মন্তব্য করুন
