সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সরকারের প্রথম একনেক সভা আজ, গুরুত্ব পাবে যেসব প্রকল্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক হতে যাচ্ছে সচিবালয়ে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা রয়েছে। সভায় ১৭টি প্রকল্প ওঠার কথা রয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থাপন করতে যাওয়া ১৭টি প্রকল্পের মধ্যে ৯টি নতুন। এছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য উপস্থাপন করা হবে।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪।

এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্ব) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও তালিকায় রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পও উপস্থাপন করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে।

এছাড়া অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক নিবাস নির্মাণ, ঢাকা শহরের জরুরি পানি সরবরাহ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভারের সোনানিবাসে সৈনিকদের আবাসন সংকট নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ।

সড়ক যোগাযোগ উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) জেলা মহাসড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকী সড়কের রাঙ্গামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য জেলার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। এছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পও আলোচনায় থাকবে।

অন্যদিকে, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, গৃহায়ন ও গণপূর্তের ১টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৭টি, কৃষি মন্ত্রণালয়ের ৪টি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ২টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২টি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ১টি, বিদ্যুৎ বিভাগের ৫টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন