শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল সান মারিনো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পিএম
সান মারিনো
expand
সান মারিনো

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের ক্ষুদ্রতম দেশ সান মারিনো। এর ফলে এখন পর্যন্ত বিশ্বের ১৫৮টি দেশ দখলদার ইসরায়েলের আগ্রাসনের শিকার এই ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিল। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি।

এর আগে গত সপ্তাহেই ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

নিজ বক্তব্যে লুকা বেকারি জানান, গত ১৫ মে আমাদের পার্লামেন্ট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে চলতি বছরের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। আজ জাতিসংঘের এই সভায় আমি ঘোষণা দিচ্ছি-সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

তার এ ঘোষণাকে উপস্থিত রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা করতালি দিয়ে স্বাগত জানান।

বেকারি স্পষ্ট করে বলেন, একটি স্বাধীন রাষ্ট্র পাওয়া ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার। এটি কোনোভাবেই হামাসকে পুরস্কৃত করার বিষয় নয়।

তিনি গাজা ও পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একে ‘অসহনীয়’, ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয়গুলোর একটি’ বলে উল্লেখ করেন।

সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, মানবিক সহায়তার প্রবেশাধিকার পুরোপুরি উন্মুক্ত করতে হবে এবং পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে। নির্বিচারে বোমা বর্ষণ, অনাহার আর বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি, তাহলে শান্তি ও মর্যাদার সঙ্গে পাশাপাশি বসবাসের যে স্বপ্ন, তা চিরতরে হারিয়ে যাবে। এই অন্ধকার সময়ে আমাদের দায়িত্ব আরও জরুরি হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন