শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশটি।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বুধবার রাতে জানায়, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (KAN)–এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে হামলা চালানো হতে পারে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

এ বিষয়ে অবগত সূত্রগুলোর বরাতে সিএনএন জানায়, অনেক বিশ্লেষকের মতে সরাসরি হামলার চেয়ে ইরানকে চাপের মুখে ফেলে নতুন কোনো চুক্তিতে বসানোই ট্রাম্প প্রশাসনের মূল কৌশল হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেন, ইসলামি প্রজাতন্ত্রকে পারমাণবিক প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়ার অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, পারমাণবিক শিল্পের ভিত্তিই হলো সমৃদ্ধ ইউরেনিয়াম, আর যেকোনো পারমাণবিক কর্মসূচি পরিচালনার জন্য জ্বালানি অপরিহার্য।

সূত্রমতে, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০ মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউজকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে-বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন।

বুধবারও হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার পথও খোলা রাখা হয়েছে।

অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরাইলি দৈনিক ইয়েডিওথ আহরোনোথ জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার-সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

পত্রিকাটি আরও বলেছে, ইসরাইলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার (ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়। যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না। এটি হবে ব্যাপক ও বিস্তৃত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup