শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:০৮ পিএম
expand
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের উপকূল অতিক্রম করার পর বুধবার সন্ধ্যায় এটি ভারতের ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হবে। এর প্রভাবে আগামী শনিবার (১ নভেম্বর) পর্যন্ত দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃহস্পতিবার থেকে সারাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে এবং শনিবার পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে।

তিনি বলেন, “বৃহস্পতিবার ও শুক্রবার দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি বাড়বে, ঢাকাতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।”

ওমর ফারুক আরও জানান, ঘূর্ণিঝড়টি ভারতের স্থলভাগে উঠে দুর্বল হয়ে বর্তমানে তেলেঙ্গানায় অবস্থান করছে। সেখান থেকে এটি কিছুটা উত্তরে অগ্রসর হয়ে পূর্বদিকে ঘুরবে—অর্থাৎ বাংলাদেশের কাছাকাছি আসবে। এজন্যই দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানান তিনি।

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে বৃষ্টি হচ্ছিল বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামীকাল বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাত আরো বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, আর রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার থেকে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো বাড়বে। সব মিলিয়ে শনিবার পর্যন্ত বৃষ্টি বেশি থাকতে পারে, এরপর ধীরে ধীরে তা কমে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন