

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তীব্র ভ্যাপসা গরমে দেশের জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। মে মাসের শেষভাগে এসে তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিলেও তা থেকে তাৎক্ষণিক স্বস্তির তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভাপসা গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগাম প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে থার্মোমিটারে তাপমাত্রা যা-ই দেখাক না কেন, অতিরিক্ত আর্দ্রতার কারণে তা শরীরে আরও ৪ থেকে ৫ ডিগ্রি বেশি অনুভূত হচ্ছে। এতে অল্প পরিশ্রমেই ঘাম ঝরছে এবং তৈরি হচ্ছে অস্বস্তিকর গুমোট পরিবেশ।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের তিনটি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, শ্রীমঙ্গলসহ কয়েকটি স্থানে সামান্য বৃষ্টি হলেও দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়নি।
এদিকে তাপমাত্রাও বেড়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা সন্ধ্যায় নেমে আসে ৬৩ শতাংশে।
একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
তীব্র গরমে রাজধানীসহ বড় শহরগুলোতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। রিকশাচালক, দিনমজুর ও পথের হকারদের রোদে কাজ করতে গিয়ে চরম কষ্ট পোহাতে হচ্ছে। দুপুরের দিকে রাস্তায় মানুষের চলাচলও কমে যাচ্ছে।
চিকিৎসকেরা হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হালকা ও সুতি পোশাক পরা, বেশি করে পানি, ডাবের পানি ও স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা একটানা না হওয়ায় এবং আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির পর গরম আরও বাড়তে পারে।
সব মিলিয়ে, মে মাসের বাকি দিনগুলোতেও এই ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা সময় ধরে অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
