শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঘের শেষে আবারও চোখ রাঙাচ্ছে শৈত্যপ্রবাহ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

শীতের অনুভূতি আবারও খানিকটা জোরালো হয়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। এর পাশাপাশি চারটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৪ ডিগ্রিতে। একই সময়ে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সকাল ৯টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে।

আগামীকাল শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৮ ফেব্রুয়ারি রাত ও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ৯ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন এলাকায় রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার এই পরিবর্তনে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষকে শীতের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার পূর্বাভাস থাকায় সামনের দিনগুলোতে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X