বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএমপি কমিশনারের

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:১৭ পিএম
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ
expand
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ

যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয়ও দেখা হবে না।

বুধবার (২০ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করেন মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার বলেন, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি।

তিনি জানান, সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা মহানগরের ট্রাফিক সিস্টেমকে আরও শৃঙ্খলায় ফেরানো এবং আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা যাতে সুন্দর থাকে এসব বিষয়েও কথা বলেন নতুন এই ডিএমপি কমিশনার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন