বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার বিস্ফোরক তথ্য প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand

২০২৪ সালের ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক এখনও থামেনি। সেবার পুরস্কারটি জিতেছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে অনেকের মতে, ওই আসরে পুরস্কারটি পাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের। সেই বিতর্কে এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

রাফার দাবি অনুযায়ী, ফ্রান্সের রাজধানী প্যারিসের নান্দনিক থিয়েটার ডু শাতেলে-তে জমকালো ওই অনুষ্ঠানের আগেই ভিনিসিয়ুসকে নিশ্চিত করা হয়েছিল যে তিনিই পুরস্কারটি জিততে যাচ্ছেন। এমনকি এটি রাখার জন্য তিনি বাড়িতে নিজের শোকেসে জায়গা পর্যন্ত প্রস্তুত করে রেখেছিলেন। রাফা জানিয়েছেন, জেনি ও তাকে ভিনিসিয়ুস নিজেই বিষয়টি জানিয়েছিলেন।

সেই ঘটনার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রাফা লিখেছেন, ‘ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।’ রাফা আরও জানান, ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও জেনি হারমোসোর একে অপরকে ট্রফি দেওয়ার পরিকল্পনা ছিল।

পরিকল্পনা অনুযায়ী জেনি তুলে দিতেন ভিনিসিয়ুসের হাতে ব্যালন ডি’অর, আর ভিনিসিয়ুস জেনিকে তুলে দিতেন 'সক্রেটিস ট্রফি'। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর তার সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে জেনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

তবে অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। তথ্যটি জানার পর ক্ষোভ ও অসন্তোষ থেকে প্যারিসের সেই অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। ক্লাব প্রতিনিধি বা ভিনিসিয়ুস কাউকেই প্যারিসের বিমান ধরতে দেখা যায়নি।

শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে রদ্রি ব্যালন ডি’অর উঁচিয়ে ধরলেও ভিনিসিয়ুসের না পাওয়া এবং রিয়াল মাদ্রিদের বয়কটের ঘটনাটি ফুটবল বিশ্বের অন্যতম বিতর্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনে সেই আগুনে যেন নতুন করে ঘি ঢাললেন রাফা হারমোসো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank