

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাঠে নামার আগেই নতুন মৌসুমের শুরুটা অন্যরকম করে তুললেন আর্লিং হলান্ড। এই ম্যানচেস্টার সিটি তারকা এবার বদলে কেটে ফেলেছেন তার লম্বা স্বর্ণালি চুল। নতুন চেহারার ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
২৬ বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকারকে এত দিন মাঠে দেখা গেছে কাঁধ ছোঁয়া ঘন স্বর্ণালি চুলে। ম্যাচের সময় সেই চুল পেছনে বেঁধে রাখার দৃশ্যও হয়ে উঠেছিল হলান্ডের পরিচিত একটি ছবি। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে সেই চেনা স্টাইল থেকে সরে এলেন তিনি।
নিজের নতুন হেয়ারকাটের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হলান্ড। সেখানে দেখা যায়, ধাপে ধাপে তার লম্বা চুল ছোট করে ফেলা হচ্ছে। শেষ পর্যন্ত বেশ ছোট ও ছাঁটা চুলে দেখা যায় তাকে। নতুন কাটটি এতটাই ছোট যে মাঠে খেলতে নামলে আগের মতো চুল পেছনে বাঁধারও প্রয়োজন হবে না।
নতুন চেহারা নিয়ে নিজেও বেশ স্বচ্ছন্দ হলান্ড। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার’ এবং ‘নিউ সিজন, নিউ ট্রিম’। এরপরই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে যায় পোস্টের মন্তব্যের ঘর। কেউ তাঁর নতুন স্টাইলের প্রশংসা করেছেন, আবার অনেকেই জানিয়েছেন, লম্বা চুলেই তাঁকে বেশি মানাত।
হলান্ডের জন্য অবশ্য ছোট চুল একেবারে নতুন কোনো বিষয় নয়। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগের সময়ে, নরওয়ের মোলদে ক্লাবে ক্যারিয়ারের শুরুর দিকেও ছোট চুলে খেলেছেন তিনি। ফলে এবারের লুককে তাঁর ক্যারিয়ারের শুরুর দিনের স্টাইলের আধুনিক সংস্করণও বলা যায়।
তবে সময়ের সঙ্গে লম্বা চুলই হয়ে উঠেছিল হলান্ডের ব্যক্তিগত ব্র্যান্ডের অংশ। মাঠে তার দুর্দান্ত গোল করার ক্ষমতার পাশাপাশি চেহারার এই স্বতন্ত্র বৈশিষ্ট্যও তাকে অন্য ফুটবলারদের থেকে আলাদা করে তুলেছিল। তাই হঠাৎ করে সেই স্টাইল বদলে ফেলায় ভক্তদের আগ্রহও তৈরি হয়েছে বেশি।
নতুন হেয়ারকাটের পুরো প্রক্রিয়াটি নিজের ইউটিউব চ্যানেলের জন্যও ধারণ করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। ফলে এটি শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, নতুন মৌসুমের আগে তাঁর ভক্তদের জন্য এক ধরনের চমকও হয়ে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানচেস্টার সিটির পক্ষ থেকেও হলান্ডের নতুন লুক নিয়ে প্রতিক্রিয়া এসেছে। ক্লাবটি সংক্ষিপ্তভাবে প্রশংসা করেছে তাঁর নতুন স্টাইলের—‘নাইস’।


