

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কলকাতার ভেন্যু পরিদর্শনে এসেছিল ব্রাজিলের প্রতিনিধি দল। সেই সফরেই হঠাৎ ঢাকায় পা রাখেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের পাঁচ কর্মকর্তা। বিমানবন্দর থেকে সরাসরি তারা ঘুরে দেখেছেন ঢাকার জাতীয় স্টেডিয়াম।
রোববার (২৩ জুন) বিকেল তিনটার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে ব্রাজিলের প্রতিনিধি দলটি। মাঠের ঘাস থেকে শুরু করে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি—স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তারা। ডাগআউট ও গ্যালারির আসনেও বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।
পরিদর্শনের সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলে স্টেডিয়াম পরিদর্শন।
বিমানবন্দর থেকে স্টেডিয়াম ঘুরে ব্রাজিলের কর্মকর্তারা একটি হোটেলে যাবেন। সেখানে কয়েক ঘণ্টা বিশ্রামের পর রাতেই তাদের বাংলাদেশ ছাড়ার কথা। এর মধ্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ব্রাজিল দলের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
ব্রাজিলের এই আকস্মিক ঢাকা সফর নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। পরিদর্শন শেষে ইকবাল হোসেন জানিয়েছেন, বাংলাদেশকে সম্ভাব্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করছে ব্রাজিল। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার আগ্রহের কথাও প্রতিনিধি দল জানিয়েছে।
বাংলাদেশে অনুশীলনের সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ব্রাজিল। ইকবাল বলেন, স্টেডিয়াম ও মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিনিধি দলটি তাদের ফেডারেশনকে জানাবে। প্রয়োজন হলে মাঠের প্রস্তুতি আরও উন্নত করার পর আবারও ঢাকায় আসার ইচ্ছা প্রকাশ করেছে তারা।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে তারা। অস্ট্রেলিয়া থেকে ভারতে যাওয়ার পথে ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর ঢাকায় এসে অনুশীলন করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
তবে ঢাকায় অনুশীলন হবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে—এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ব্রাজিলের পরবর্তী সিদ্ধান্তেই বিষয়টি পরিষ্কার হবে।


