

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করার ঘটনায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের অতিরিক্ত সময়ের ১০১তম মিনিটে ঘটনাটি ঘটে।
বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে আঘাত করেন মেসি। তার মুখ, মাথা বা ঘাড়ে হাত দেন মেসি।এ ঘটনায় এমএলএসের নীতি ভঙ্গের অভিযোগে মেসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কুইন সুলিভান লাল কার্ড দেখেন।
তবে সুলিভানের লাল কার্ডের সিদ্ধান্ত পরে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার এমএলএসের স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা বাতিল করে। ফলে শনিবার অস্টিন এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন সুলিভান।
এদিকে, বুধবার শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে লাল কার্ড দেখার পর দ্রুত মাঠ ছাড়তে ব্যর্থ হওয়ায় টরন্টো এফসির ডিফেন্ডার ওয়াকার জিমারম্যানকেও জরিমানা করেছে এমএলএস।
এ ছাড়া আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মিনেসোটা ইউনাইটেড এফসির ২-১ গোলের হারের ম্যাচে অভিনয় করে ফাউল আদায়ের চেষ্টা বা ‘সিমুলেশন এমবেলিশমেন্ট’-সংক্রান্ত নীতি ভঙ্গের অভিযোগে মিনেসোটার ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করা হয়েছে।
সূত্র: আল জাজিরা


