

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইউরোপের নতুন মৌসুমের প্রথম বড় শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার ম্যাচটি হবে অস্ট্রিয়ার সালজবুর্গের রেড বুল অ্যারেনায়।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে এ ম্যাচ।
এ ম্যাচে ইতিহাস গড়ার দারুণ এক সুযোগ আছে পিএসজির সামনে। ম্যাচটি জিততে পারলে টানা দুই বছর উয়েফা সুপার কাপ জেতা চতুর্থ দল হবে ফরাসি ক্লাবটি। এর আগে আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদ এই কীর্তি গড়েছে। গত বছর টটেনহামের বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে সুপার কাপ জিতেছিল পিএসজি।
এছাড়া ২০২৬-২৭ মৌসুমে ছয়টি প্রতিযোগিতার সব কটিতে শিরোপা জয়ের পাশাপাশি টানা তৃতীয়বার ইউরোপ সেরা হওয়ার সুযোগ রয়েছে লুইস এনরিকের দলের।
তাছাড়া ম্যাচটি পিএসজি কোচ লুইস এনরিকের জন্যও বিশেষ। জয় পেলে কোচ হিসেবে তার ট্রফির সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩-তে। এর মধ্যে দুটি উয়েফা সুপার কাপও রয়েছে।
অন্যদিকে অ্যাস্টন ভিলার জন্য ম্যাচটি পুরোনো সাফল্যের স্মৃতি ফেরানোর সুযোগ। ক্লাবটি এর আগে একবারই সুপার কাপে খেলেছিল। ১৯৮২ সালের দুই লেগের লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।
তবে এবার শিরোপার লড়াইয়ে নামার আগে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরিকে ভাবাচ্ছে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি। এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কনসা ও ওলি ওয়াটকিন্সকে ছাড়া মাঠে নামতে হবে ভিলাকে।
এমেরির ব্যক্তিগত ইতিহাসও খুব স্বস্তিদায়ক নয়। এর আগে তিনবার উয়েফা সুপার কাপের ফাইনালে কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও প্রতিবারই হারতে হয়েছে তাকে। ফলে আজকের ম্যাচে পিএসজির ইতিহাসের পাশাপাশি নিজের অতীতও বদলানোর সুযোগ থাকছে স্প্যানিশ কোচের সামনে।

