সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিদের ক্লাবে যোগ দেবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বার্সেলোনায় যে ত্রয়ী একসময় ইউরোপের ফুটবলে ঝড় তুলেছিল, তাদের আবারও একসঙ্গে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার। এমন সম্ভাবনার কথা ঘুরছে ফুটবল অঙ্গনে।

মেসি-সুয়ারেজ এখন ইন্টার মিয়ামিতে সতীর্থ। নেইমারও যদি শেষ পর্যন্ত ক্লাবটিতে যোগ দেন, তাহলে প্রায় এক দশক পর আবার একই দলের জার্সিতে দেখা যাবে বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ আক্রমণভাগকে।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার আক্রমণে মেসি, সুয়ারেজ ও নেইমারের সমন্বয় ছিল অন্যতম আলোচিত বিষয়। তিনজনের নৈপুণ্যে বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগসহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। ২০১৭ সালে নেইমার পিএসজিতে চলে যাওয়ার পর ভেঙে যায় এই ত্রয়ী।

‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারেন। এমনটা হলে মেসি, সুয়ারেজ ও নেইমারকে আবার একসঙ্গে মাঠে দেখার সুযোগ তৈরি হবে।

নেইমারের মিয়ামিতে যাওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলো। তার দাবি, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে এই ব্রাজিলিয়ান তারকা মিয়ামিতে পাড়ি জমাতে পারেন।

ইউটিউবে মেলো বলেন, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকেই নেইমার ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেন। তবে এটি এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নয়।

নেইমারের নিজের বক্তব্যেও অবশ্য ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত রয়েছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, আপাতত সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তি শেষ করাই তার প্রধান লক্ষ্য। এরপরই ক্যারিয়ার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি ক্লাবটিতে থাকবেন, অন্য কোথাও যাবেন, নাকি ফুটবল থেকেই সরে দাঁড়াবেন—কোনোটিই এখনো নিশ্চিত করেননি।

ফলে মেসি-সুয়ারেজ-নেইমারের পুনর্মিলনের সম্ভাবনা আপাতত গুঞ্জনেই সীমাবদ্ধ। তবে শেষ পর্যন্ত নেইমার যদি মিয়ামিতে যান, ফুটবলপ্রেমীরা পেতে পারেন বহু প্রতীক্ষিত ‘এমএসএন’ ত্রয়ীর আরেকটি অধ্যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন