রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলের দেশেই কমছে ফুটবলপ্রেম, বলছে জরিপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ব্রাজিলে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ ধীরে ধীরে কমছে। দেশটির গবেষণা প্রতিষ্ঠান ডেটাফোলহার সর্বশেষ জরিপে দেখা গেছে, ১৬ বছর বা তার বেশি বয়সী ব্রাজিলীয়দের মধ্যে বর্তমানে ৬৪ শতাংশ ফুটবল অনুসরণ করেন।

শনিবার প্রকাশিত জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ২৮ শতাংশ জানিয়েছেন, ফুটবলের প্রতি তাদের ‘প্রচুর আগ্রহ’ রয়েছে। আর ৩৬ শতাংশ বলেছেন, তারা ‘কিছুটা আগ্রহ’ নিয়ে ফুটবল অনুসরণ করেন। অন্যদিকে, ৩৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফুটবলের কোনো খোঁজখবরই রাখেন না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও'গ্লোবো জানিয়েছে, ২০২৩ সালের জরিপের তুলনায় ফুটবলের প্রতি আগ্রহ ৮ শতাংশ কমেছে। দুই বছর আগে ৭২ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা বলেছিলেন, আর ২৮ শতাংশ জানিয়েছিলেন তাদের এ খেলায় কোনো আগ্রহ নেই।

জরিপে নারী ও পুরুষের মধ্যেও আগ্রহের পার্থক্য উঠে এসেছে। পুরুষদের ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করেন বলে জানিয়েছেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ। ফলে ফুটবল এখনও ব্রাজিলে জনপ্রিয় হলেও, সামগ্রিকভাবে এর প্রতি মানুষের আগ্রহ আগের তুলনায় কমছে বলে ইঙ্গিত দিয়েছে জরিপটি।

ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয় গত ২২ ও ২৩ জুলাই। এই সমীক্ষার ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে।

জরিপের তথ্য বলছে, শিক্ষার হারও ফুটবলের প্রতি আগ্রহের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন। মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে, আর উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশ।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পরই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ নিয়ে টানা ষষ্ঠবার ফাইনালে ওঠার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন