শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে ১ মিলিয়ন স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপের পরও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি। তবে তাকে ঘিরে আলোচনা থেমে নেই। এরই মধ্যে বলিভিয়ার সাবেক ফুটবলার মার্কো অ্যান্টোনিও এচাভেরি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত মেসিকে খেলিয়ে রাখার আহ্বান জানিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন।

আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক রেডিও অনুষ্ঠান ‘সুপার দেপোর্তিভো’ কে দেয়া এক সাক্ষাৎকারে ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্টোনিও বলেন, তিনি এখনো মেসিকে পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখতে চান। তার বিশ্বাস, আর্জেন্টাইন অধিনায়কের এখনই জাতীয় দলকে বিদায় বলা উচিত নয়।

অ্যান্টোনিওর ভাষায়, ‘আমি মেসিকে পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখতে চাই। আশা করি, সে এখন অবসর নেবে না। পরবর্তী বিশ্বকাপে তার থাকা উচিত।’

মেসির বর্তমান বয়স ৩৯ বছর হলেও তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ দেখছেন না বলিভিয়ার সাবেক এই ফুটবলার। তার দাবি, সাম্প্রতিক সময়েও মেসির পারফরম্যান্স প্রমাণ করেছে যে তিনি এখনো বিশ্বের সেরা ফুটবলারদের একজন নন, বরং সবার চেয়ে আলাদা অবস্থানে আছেন।

অ্যান্টোনিও বলেন, ‘আমার মতে, সাম্প্রতিক সময়ে মেসির খেলা আগের যেকোনো বিশ্বকাপের চেয়েও ভালো ছিল। অন্য সব খেলোয়াড়ের তুলনায় তার পারফরম্যান্সের মান অনেক ওপরে।’

এফএম দেল সোলের উদ্ধৃতি দিয়ে অ্যান্টোনিও বলেন, ‘একটি চিঠি লেখা উচিত এবং সারা বিশ্বের মানুষের স্বাক্ষর সংগ্রহ করে তাকে অনুরোধ করা উচিত, যেন সে অবসর না নেয়। ভাবুন তো, মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে? তখন আর কিছুই আগের মতো থাকবে না। আমার মনে হয়, সে নিজেও এখনো অবসর নিতে চায় না।’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। তবে আর্জেন্টাইন অধিনায়ক এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। ফলে ২০২৬ কিংবা ২০৩০ বিশ্বকাপে তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটি সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীদের মতো বলিভিয়ার সাবেক তারকা মার্কো অ্যান্টোনিওও চাইছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির উপস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকুক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন