শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ছাড়াই ভেনেজুয়েলাকে হারাল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম
প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত
expand
প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করার পর এবার শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে নেমেছে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে লিওনেল স্কালোনির দল।

এর প্রথম ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলার। লিওনেল মেসি ও তরুণ ফ্রাঙ্কো মাসতানতুয়োনোকে ছাড়াই নামা দলটিকে জয়ের পথে নেতৃত্ব দেন জিওভান্নি লো সেলসো। তাঁর একমাত্র গোলে ১–০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তরুণ ফুটবলারদের গতি ও পাসিংয়ে একের পর এক আক্রমণে যায় তারা।

ম্যাচের ২০ মিনিটের সময় নিকো পাজের দারুণ এক শটে গোলের সুযোগ তৈরি হলেও, ভেনেজুয়েলা গোলরক্ষকের চমৎকার সেভে সেটি গোলবঞ্চিত হয়। ফিরতি বলে পোস্টে লেগে ফিরে আসে বলটি।

অল্প কিছুক্ষণ পর পাল্টা আক্রমণে ভেনেজুয়েলাও গোলের কাছাকাছি গিয়েছিল। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেও খালি পোস্টে বল পাঠাতে ব্যর্থ হয় তারা।

অবশেষে ম্যাচের ৩১তম মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে লাউতারো মার্টিনেজ বল বাড়ান লো সেলসোর উদ্দেশে। তিনি ঠাণ্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে বল পাঠান জালে। জাতীয় দলের হয়ে এটি ছিল লো সেলসোর চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে স্কালোনি কিছু পরিবর্তন আনেন—নিকোলাস গনসালেসকে নামিয়ে তুলে নেন টালিয়াফিকোকে। পরক্ষণেই আবার নিকো পাজ দূর থেকে এক শটে গোলের চেষ্টা করেন, কিন্তু ভেনেজুয়েলা গোলরক্ষক আবারও রুখে দেন।

এরপর লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় মাঠে নামানো হয় জুলিয়ানো সিমিওনেকে। এ সময় একবার ক্রসবারে লেগে গোল হাতছাড়া করে ভেনেজুয়েলা।

পরে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন স্কালোনি—রদ্রিগো দে পল, লিওনার্দো বালারদি ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মাঠে পাঠান, তুলে নেন আলভারেজ, নাহুয়েল মোলিনা ও এনজো ফের্নান্দেজকে।

শেষ দিকে খেলার গতি আরও বেড়ে যায়। জুলিয়ানো সিমিওনের নিচু পাসে বল ডি-বক্সে পৌঁছালেও নিকো পাজ তা কাজে লাগাতে পারেননি।

লাউতারো মার্টিনেজ কাছ থেকে একবার শট নেন, কিন্তু গোলরক্ষকের দুর্দান্ত সেভে তা ফেরত আসে। ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শটও একই পরিণতি বরণ করে।

শেষ দিকে ফ্রি-কিক থেকে রদ্রিগো দে পলের ক্রসে একেবারে ফাঁকা অবস্থায় হেড নিতে যান লিওনার্দো বালারদি, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত লো সেলসোর করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

আগামী মঙ্গলবার মায়ামিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন