বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের বিশ্বকাপ জার্সি নম্বর ঘোষণা,  ১০ নম্বর পেলেন না ইয়ামাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত স্কোয়াডের জার্সি নম্বর ঘোষণা করেছে স্পেন। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া তরুণ তারকা লামিন ইয়ামাল তার পরিচিত ১৯ নম্বর জার্সিই ধরে রেখেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে মিডফিল্ডার গাভিকে ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। অন্যদিকে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি পেয়েছেন দানি ওলমো।

সাধারণত ৯ নম্বর জার্সি স্ট্রাইকারদের জন্য নির্ধারিত থাকে। অতীতে স্পেনের হয়ে এই জার্সিতে খেলেছেন কিংবদন্তি ফরোয়ার্ড ফার্নান্দো তোরেস ও আলভারো মোরাতা। ফলে একজন মিডফিল্ডারের হাতে এই নম্বর তুলে দেওয়ায় সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এদিকে নিকো উইলিয়ামস খেলবেন ১৭ নম্বর জার্সিতে এবং মিকেল ওইয়ারসাবাল ২১ নম্বরে। গোলরক্ষকদের মধ্যে ডেভিড রায়া পেয়েছেন ১ নম্বর জার্সি, আর উনাই সিমনের ভাগ্যে জুটেছে ২৩ নম্বর।

অনেকে স্পেনের জার্সি নম্বর বণ্টনকে ‘অপ্রচলিত’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে প্রচলিত ১ থেকে ১১ নম্বরের বাইরে রাখা হয়েছে।

জার্সি নম্বর ঘোষণার পাশাপাশি বিশ্বকাপ জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন স্পেনের প্রধান কোচ। তবে তিনি সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন। তার ভাষায়, দলটি ফেভারিটদের মধ্যে থাকলেও বাস্তবতার মাটিতে থেকেই খেলতে হবে। তিনি মনে করেন, ইংল্যান্ড ও ফ্রান্সও সমানভাবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপ শুরুর আগে ইরাক ও পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপ মিশনে। ‘লা রোহা’ গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের মুখোমুখি হবে।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ও তাদের জার্সি নম্বর ডেভিড রায়া (১), মার্ক পুবিল (২), আলেহান্দ্রো গ্রিমালদো (৩), এরিক গার্সিয়া (৪), মার্কোস ইয়োরেন্তে (৫), মিকেল মেরিনো (৬), ফেরান তোরেস (৭), ফাবিয়ান রুইজ (৮), গাভি (৯), দানি ওলমো (১০), ইয়েরেমি পিনো (১১), পেদ্রো পোরো (১২), জোয়ান গার্সিয়া (১৩), আইমেরিক লাপোর্তে (১৪), আলেক্স বায়েনা (১৫), রদ্রি (১৬), নিকো উইলিয়ামস (১৭), মার্টিন সুবিমেন্দি (১৮), লামিনে ইয়ামাল (১৯), পেদ্রি (২০), মিকেল ওইয়ারসাবাল (২১), পাও কুবার্সি (২২), উনাই সিমন (২৩), মার্ক কুকুরেয়া (২৪), ভিক্টর মুনিয়োজ (২৫) এবং বোরহা ইগলেসিয়াস (২৬)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন