

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে টুর্নামেন্টের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অনায়াসে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার শক্তিশালী দলটি।
চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য দেখাতে থাকে আকাশি-সাদা জার্সিধারীরা। খেলা শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই এগিয়ে যায় আর্জেন্টিনা। সতীর্থ ডিলান গোলোসিতোর নিখুঁত পাস থেকে আলেখো সারকো ঠাণ্ডা মাথায় গোল করেন।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ২৩তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে স্কোরলাইন ২-০ করেন মাহের কারিসো। তার নিখুঁত শট নাইজেরিয়ার গোলরক্ষকের নাগালের বাইরে চলে যায়।
প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নাইজেরিয়া। দুটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে আর্জেন্টাইন গোলরক্ষক বারবি অসাধারণ সেভে আফ্রিকানদের আক্রমণ নস্যাৎ করে দেন।
দ্বিতীয়ার্ধেও খেলার রাশ নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। ৬৫ মিনিটে মিল্টন দেলগাদোর তৈরি করা চমৎকার একটি পাস থেকে আবারও গোল করেন মাহের কারিসো। প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে বল পাঠান জালে, তাতেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায়।
শেষ সময়ে ‘হালি’ পূরণ করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দুর্দান্ত ড্রিবলিংয়ে নাইজেরিয়ান রক্ষণকে পরাস্ত করে আরেকটি গোল যোগ করেন বদলি খেলোয়াড় রোমান ফেলিপে।
এই জয়ের ফলে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মেক্সিকো, যারা নিজেদের ম্যাচে স্বাগতিক চিলিকে ৪-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।
এদিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। স্পেন ১-০ গোলে হারায় ইউক্রেনকে, আর কলম্বিয়া ৩-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।
মন্তব্য করুন
