

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। ঠিক এমন সময় লিওনেল মেসির চোটের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনা শিবিরে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচ খেলতে নেমে বাম ঊরুতে অস্বস্তি অনুভব করেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন তিনি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নাটকীয় সেই ম্যাচে ৬-৪ গোলে জেতে ইন্টার মায়ামি। দুটি অ্যাসিস্ট করে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এখন তার শারীরিক অবস্থা।
ম্যাচের ৭০তম মিনিটে একটি ফ্রি কিক নেওয়ার পর মেসিকে বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। এরপরই বদলির ইঙ্গিত দেন তিনি। ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন এবং তার বদলে নামেন মাতেও সিলভেত্তি। যদিও কোনো সহায়তা ছাড়াই মাঠ ছাড়লেও সরাসরি লকার রুমে চলে যান মেসি।
ম্যাচ শেষে মায়ামির কোচ গুইলেরমো হোয়োস জানিয়েছেন, এখনই চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তার ভাষ্য, মূলত সতর্কতার অংশ হিসেবেই মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে হোয়োস বলেন, ‘এখনো মেডিক্যাল রিপোর্ট হাতে পাইনি। তবে খুব দ্রুতই সেটা পাওয়া যাবে। আমার মনে হয়, সে ক্লান্ত ছিল। মাঠের অবস্থাও বেশ ভারী ছিল। যখন সামান্য সন্দেহও থাকে, তখন ঝুঁকি না নেওয়াই ভালো সিদ্ধান্ত।’
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির ম্যাচ ওয়ার্কলোড নিয়ে সতর্ক ছিল ক্লাবটি। ব্যস্ত সূচির কারণে বেশ কয়েকটি ম্যাচে বিশ্রামেও রাখা হয়েছে তাকে।
গত কয়েক বছরে হ্যামস্ট্রিং সমস্যার কারণে একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। চলতি বছরের শুরুতে প্রাক-মৌসুমের বেশ কিছু ম্যাচও খেলেননি তিনি।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই চোট কতটা গুরুতর। কারণ আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পাঁচ দিন পর আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। শিরোপাধারীদের মিশনে মেসির উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
যদিও এখনো বিশ্বকাপে খেলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি মেসি। তবে আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালা আগেই ইঙ্গিত দিয়েছেন, তাকে রেখেই বিশ্বকাপের দল পরিকল্পনা করা হচ্ছে।
