বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে নিয়ম বদলে ফেলল ফিফা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে এখন দেড় মাসেরও কম সময় বাকি। আসন্ন এই আসরকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে কয়েকটি নিয়মে পরিবর্তন আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে।

গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপপর্ব শেষে একজন খেলোয়াড়ের নামে যদি একটি মাত্র হলুদ কার্ড থাকে, সেটি মুছে যাবে। ফলে নকআউট পর্বে প্রবেশের সময় তিনি নতুনভাবে শুরু করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়। ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধু গ্রুপপর্ব শেষে নয়, কোয়ার্টার ফাইনালের পরও একক হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হবে। অর্থাৎ সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়রা আবারও শূন্য কার্ড নিয়ে পরবর্তী ধাপে খেলতে পারবেন। এর ফলে বড় ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকার সম্ভাবনা কমে যাবে।

এর আগে বিশ্বকাপে হলুদ কার্ডের হিসাব সাধারণত কোয়ার্টার ফাইনালের পর মুছে দেওয়া হতো। তবে এবার টুর্নামেন্টের বিস্তৃত কাঠামোর কারণে ফিফা নিয়মে আরও নমনীয়তা এনেছে।

২০২৬ বিশ্বকাপ হবে পুরুষদের ফুটবল ইতিহাসে প্রথম আসর, যেখানে ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮টি দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্বকাপের ২৩তম আসর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন