শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনাকে এক হালি গোল দিল সেভিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম
expand
বার্সেলোনাকে এক হালি গোল দিল সেভিয়া

চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনাকে লা লিগায় সেভিয়ার মাঠে মুখোমুখি হতে হয়েছে কঠিন পরীক্ষার। লামিন ইয়ামাল ও রাফিনিয়ার মতো দুজন মূল আক্রমণভাগের খেলোয়াড়কে ছাড়াই নামতে হয় হানসি ফ্লিকের শিষ্যদের।

ফলও পেল কাতালানরা—রামোন সানচেজ পিসহুয়ান স্টেডিয়ামে ৪–১ গোলের বড় পরাজয় এবং চলতি মৌসুমে লিগের প্রথম হারের স্বাদ।

রোববার রাতের ম্যাচের শুরুতেই চাপে পড়ে বার্সেলোনা। ১৩ মিনিটে সেভিয়ার হয়ে এগিয়ে দেন তাদেরই সাবেক ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ, পেনাল্টি থেকে গোল করে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইশাক রোমেরো। প্রথমার্ধের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় যোগ দেওয়া মার্কোস রাশফোর্ড একটি গোল শোধ করে কাতালানদের আশার আলো জ্বালান।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সা। আক্রমণ একের পর এক গড়লেও কাঙ্ক্ষিত সমতা ফেরানো হয়নি। ৭৬ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। সেই সুযোগ হাতছাড়া করতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সেভিয়ার হাতে।

শেষ মুহূর্তে সমতায় ফেরার জন্য ‘অল আউট অ্যাটাক’-এ যায় বার্সেলোনা। সেই সুযোগেই যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় সেভিয়া। ৯১ মিনিটে স্প্যানিশ তরুণ ডিফেন্ডার হোসে এঞ্জেল কারমোনা দলটির হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৯৬ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার আকোর অ্যাডামস গোল করে ৪–১ ব্যবধান নিশ্চিত করেন।

এই হারের পর ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই জয়ে সেভিয়া শীর্ষ চারে জায়গা করে নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন