বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেম্বেলের জোড়া গোলে সেমিফাইনালে পিএসজি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অ্যানফিল্ডে আরেকটি ঐতিহাসিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিল লিভারপুল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলেন উসমান দেম্বেলে। তার জোড়া গোলে দাপুটে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

প্রথম লেগে প্যারিসে ২-০ ব্যবধানে হারের পর ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে লিভারপুল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা এবং গোলের সুযোগও তৈরি করে। তবে ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। একটি পেনাল্টি পায় লিভারপুল, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে সেটি বাতিল হয়ে যায়। ফলে ম্যাচে ফেরার সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করে তারা।

প্রথম লেগে একাধিক সহজ সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছিলেন দেম্বেলে। অ্যানফিল্ডেও প্রথমার্ধে দুটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিকই জ্বলে ওঠেন এই ফরাসি ফরোয়ার্ড।

৭২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে গোল করেন দেম্বেলে। বলটি ঠেকানোর সুযোগ পাননি গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলি। এই গোলের পরই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পিএসজির হাতে চলে যায়।

যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দেম্বেলে। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে তিনি নিশ্চিত করেন দলের বড় জয়। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে ওঠে পিএসজি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন