

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনায় ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বিচারটি আগের মামলার এক বছর পর হতে হচ্ছে, যা বিচারকের এক কেলেঙ্কারির কারণে ভেঙে গিয়েছিল।
২০২০ সালের নভেম্বর মাসে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার সময় বুয়েনস আইরেসের উপকণ্ঠে টিগ্রেতে একটি ব্যক্তিগত বাসভবনে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের মতে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং ফুসফুসে পানি জমে যাওয়াই ছিল মৃত্যুর প্রধান কারণ।
ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত সাত সদস্যের একটি মেডিকেল দলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, তার চিকিৎসা ও পুনর্বাসনের সময়ে যথাযথ যত্ন নেওয়া হয়নি। বিচার শুরুর আড়াই মাস পর, ম্যারাডোনার সন্তানসহ বিভিন্ন সাক্ষীর আবেগঘন সাক্ষ্যগ্রহণ চলাকালে কার্যক্রমটি থেমে যায়।
এরপর ২০২৫ সালের মে মাসে মামলাটি বাতিল ঘোষণা করা হয়। মূলত বিচারকদের একজন এই ঘটনা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের সঙ্গে যুক্ত থাকার পর এমন ঘোষণা আসে। ওই বিচারককে পরে অপসারণ করা হয়।
নতুন করে শুরু হওয়া এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিকিৎসক, মনোবিজ্ঞানী ও নার্সসহ সাতজন স্বাস্থ্যকর্মী। তাদের বিরুদ্ধে ‘সম্ভাব্য ইচ্ছাকৃত হত্যার’ অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অন্যদিকে, আসামিপক্ষের দাবি, দীর্ঘদিনের মাদক ও অ্যালকোহল সংশ্লিষ্ট সমস্যার কারণে ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই তারকার মৃত্যুর পর করোনাকালে লাখো আর্জেন্টাইন রাস্তায় নেমে শোক প্রকাশ করেছিলেন। বহুল আলোচিত এই বিচারপ্রক্রিয়া জুলাই পর্যন্ত চলতে পারে।
মন্তব্য করুন
