বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আরো এক লাল কার্ড বাতিল করল ফিফা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের সঙ্গে পরাজয়ের বাঁশি বাজতেই, আর্জেন্টাইন খেলোয়াড়দের কষ্টের বহিঃপ্রকাশ ছিল চরম বিতর্কিত। মাঠেই তারা স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মারামারি লেগে যেতে দ্বিধা বোধ করেনি। এ ঘটনায় আর্জেন্টিনা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসকে প্রথমে লাল কার্ড দেখানো হলেও পরক্ষণে তা বাতিল করে ফিফা।

মাঠে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন আর্জেন্টিনা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তারপর সেই মারামারি গড়ায় অনেকখানি। সাধারণ খেলোয়াড়রাও জড়িয়ে পড়ে এতে। এমনকি বদলি খেলোয়াড় ও কোচিং স্টাফরাও বাদ যাননি!

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পারেদেসের হাত গার্সিয়ার গলায়। তারপর স্প্যানিশ ডিফেন্ডারকে কুস্তিগিরের মতো করে আছড়ে ফেললেন মাটিতে। স্পেনের মিডফিল্ডার গাভিও তাতে জড়িয়ে পড়লেন। দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি শুরু করলে ম্যাচ অফিসিয়াল ও সতীর্থদের হস্তক্ষেপে তাদের আলাদা করা হয়।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তার খেলোয়াড়দের শান্ত করতে ছুটে আসেন। অন্যদিকে দূর থেকে লিওনেল মেসি সবকিছু দেখছিলেন। তিনি যেন এ দৃশ্যের নীরব দর্শক।

এই হট্টগোল আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মলিনার হাত ধরে শুরু হয়েছে বলে জানা যায় বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন থেকে। নাহুয়েল মলিনা উদযাপনের সময় স্পেন অধিনায়ক রদ্রিকে চড় মেরেছিলেন। রদ্রি তার কাছে এমনটা করার কারণ জানতে চান। এ সময় স্পেন তারকা গার্সিয়া ও বোরহা ইগলেসিয়াস তাদের অধিনায়ককে বাঁচাতে এগিয়ে আসেন।

ম্যাচ শেষে জানা যায়, পারেদেসকে তার আচরণের জন্য লাল কার্ড দেওয়া হয়েছে। কিন্তু পরে আবার সেই লাল কার্ড বাতিলের গুঞ্জন ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর প্রতিবেদন বলছে, ওই লাল কার্ড ফিফার ধারাভাষ্যকার তথ্য ব্যবস্থায় ‘ভুল করে’ দেওয়া হয়েছিল। যেখানে বলা হচ্ছিল, স্পেনের খেলোয়াড়ের সঙ্গে মারামারি করায় আর্জেন্টাইন ফুটবলারকে লাল কার্ড দিয়েছেন রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফা পরে বিবিসিকে নিশ্চিত করেছে, ওই আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা তারা নেয়নি, ‘কিছুক্ষণের মধ্যে পারেদেসের লাল কার্ড মুছে ফেলা হয়েছিল।’

অবশ্য ম্যাচ চলাকালে ফাউল করার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময় ১০ জনকে নিয়ে খেলতে হয়েছিল আগের আসরের চ্যাম্পিয়নদের।

স্কাই স্পোর্টসের তথ্যমতে, ম্যাচ শেষে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে ফিফা । রেফারির রিপোর্ট ও ম্যাচের ভিডিওচিত্র বিশ্লেষণ করে আলবিসেলেস্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সিদ্ধান্ত হবে সে বিষয়েও।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা শাস্তির ঘোষণা দেবে না বলে সূত্রে জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। তবে, সেই সিদ্ধান্ত আসতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন