

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ফাইনাল ঘিরে সংগীত, আলো আর বিনোদনের আয়োজন থাকলেও ম্যাচের স্বাভাবিক ছন্দে বড় পরিবর্তন আনছে না ফিফা। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পরিবেশনা থাকলেও স্পেন ও আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচে হাফটাইম বাড়ানো হয়েছে মাত্র দুই মিনিট।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালের বিরতি হবে মোট ১৭ মিনিট। অর্থাৎ প্রচলিত ১৫ মিনিটের তুলনায় অতিরিক্ত সময় রাখা হয়েছে মাত্র দুই মিনিট।
ফিফা ইতোমধ্যে বিষয়টি স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, বিরতির ১১ মিনিটজুড়ে দর্শকদের জন্য থাকছে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের বিশেষ সংগীত পরিবেশনা।
অবশিষ্ট সময়ে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের পাশাপাশি মাঠে পানি ছিটিয়ে ঘাস খেলার উপযোগী করে তোলার কাজ সম্পন্ন করা হবে। ফিফার লক্ষ্য, বিনোদনের আয়োজনের কারণে যেন ম্যাচ শুরুর সময়সূচিতে কোনো উল্লেখযোগ্য প্রভাব না পড়ে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, একাধিক বিশ্বখ্যাত শিল্পীর অংশগ্রহণের কারণে ফাইনালের হাফটাইম আধা ঘণ্টা বা তারও বেশি হতে পারে। তবে ফিফা সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছে, ম্যাচের সময়সূচি প্রায় অপরিবর্তিতই থাকছে।
মেটলাইফ স্টেডিয়ামের মাঠের অবস্থা নিয়েও আলোচনা ছিল। আগের কয়েকটি ম্যাচে মাঠ তুলনামূলক শুষ্ক থাকায় বলের গতি কমে যাওয়ার অভিযোগ ওঠে। ফাইনালের আগে স্পেন শিবির থেকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সে কারণেই বিরতির একটি অংশ মাঠে পানি দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে, যাতে খেলার মান অক্ষুণ্ন থাকে।
অন্যদিকে, গরম আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ফাইনালেও থাকছে হাইড্রেশন ব্রেক। আগের ম্যাচগুলোর মতো দুই অর্ধে একটি করে মোট দুটি বিরতিতে খেলোয়াড়রা পানি পান ও স্বস্তি নেওয়ার সুযোগ পাবেন।
