শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের সাথে ম্যাচের আগে তারকা ফুটবলারকে হারাল মরক্কো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের মতো ২০২৬ আসরেও দারুণ ছন্দে আছে মরক্কো। তবে গত আসরের সেমিফাইনালে যাদের বিপক্ষে থামতে হয়েছিল অ্যাটলাস লায়নদের, একই প্রতিপক্ষের মোকাবিলায় আশরাফ হাকিমির দল চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে নামার আগে ফর্মে থাকা তারকা ফুটবলারকে হারাল মরক্কো।

কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাত্র ২২ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ইসমায়েল সাইবারিকে। সেই চোট এখনও সারায় বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না মরক্কো। ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানালেন আফ্রিকান দেশটির কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে লড়বে দুই দল।

কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’

গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে। এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’

যে কোনো দলের মোকাবিলায় নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস থাকার কথা জানিয়ে উয়াহবি বলেন, ‘অবশ্যই বল নিজেদের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে মূল বিষয়, তবে তা কেবল উইং বা প্রান্ত দিয়ে করলেই হবে না। বল পায়ে রেখে আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুঁজে বের করতে হবে কখন আমরা প্রান্ত কিংবা মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠতে পারি। আমরা প্রমাণ করেছি যেকোনো দলকে বিপদে ফেলার সক্ষমতা আমাদের আছে এবং সেটাই আমাদের লক্ষ্য। তবে আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না।’

৪ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠেছিল। সবকিছুই আগের মতো হবে না দাবি করে উয়াহবি বলেন, ‘প্রতিটি ম্যাচ ভিন্ন, নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস আছে। এ ছাড়া সব ২০২২ সালের মতো একই হবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভিন্ন একটি দল আছে। চার বছর আগের চেয়ে ভিন্ন ফ্রান্স দলেরও মোকাবিলা করতে যাচ্ছি। উভয় দলই আগের চেয়ে তুলনামূলক ভালো, কারণ আমাদের দুটি দেশের নিজস্ব ফেডারেশন বেশ ভালো কাজ করছে।’

শেষ আটে জায়গা করে নেওয়ায় তার দল অনেক বড় সাফল্য পেয়েছে– সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ওয়াহবি দ্বিমত পোষণ করে বলেন, ‘আমি সবসময়ই বলি যে টুর্নামেন্ট শেষেই আমরা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করব। যারা বলবে “বাহ, আপনারা তো এখন পর্যন্ত দারুণ খেলেছেন।” তাদের কথায় আমরা কান দেব না। ফ্রান্স হয়তো ফেভারিট, কিন্তু জয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব। এই পর্যায়ে পৌঁছানোটা কোনো বাড়তি প্রাপ্তি বা বোনাস নয়, আসল বোনাস হলো বিশ্বকাপ জয় করা।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup