

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে-এমন অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার বিষয়টি উঠে এলো সংবাদ সম্মেলনেও। কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচের আগে এ প্রসঙ্গে সরাসরি প্রশ্নের মুখে পড়েন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
অভিযোগটি উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জবাব দেন স্কালোনি। তিনি বলেন, এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। আপনি যদি না দেখেন, তাহলে এসব বিষয় জানতেও পারবেন না।
স্কালোনি বলে, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য ছড়িয়ে দেওয়া খুব সহজ হয়ে গেছে। অনেকেই মাঠের পারফরম্যান্সকে আড়াল করতে ভিত্তিহীন প্রচারণা চালান।
তিনি বলেন, আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং ছোট একটি বিষয়কে বড় করে ছড়িয়ে দিতে পারে। আমি মনে করি, এসব বিষয়ে আমাদের একেবারেই গুরুত্ব দেওয়া উচিত নয়।
আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। তার ভাষায়, অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো-সবার অবদানেই এই সাফল্য এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে স্কালোনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। আমরা এসব নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ আটে জায়গা নিশ্চিত করতে জয়ই লক্ষ্য লিওনেল স্কালোনির শিষ্যদের।


