

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জুলাই) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।
এ বিষয়ে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণ, শহিদ ও আহতদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচি হলো- গতকাল বুধবার প্রথম প্রহরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৫ জুলাই ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া একই দিন সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে (চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত)।
আগামী ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আগামী ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।
আগামী ২২ জুলাই জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ জুলাই ও ২৫ জুলাই (জুলাই-আগস্টের) সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতৃবৃন্দ সকল শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হবে।
এছাড়া আগামী ৩ আগস্ট ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
