সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:০২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশাজনক অধ্যায়ের পর দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন হং মিউং বো। দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার একদিন পর সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।

টুর্নামেন্টের শুরুটা ইতিবাচক ছিল দক্ষিণ কোরিয়ার। উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে আশাবাদ জাগিয়েছিল এশিয়ার দলটি। কিন্তু পরবর্তী দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের কারণে কঠিন সমীকরণে পড়ে যায় তারা।

শেষ পর্যন্ত সেরা তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় গোল ব্যবধানের লড়াইয়ে পিছিয়ে পড়ায় নকআউট পর্বে ওঠার সুযোগ হারায় দক্ষিণ কোরিয়া।

সংবাদ সম্মেলনে হং মিউং বো বলেন, দলের প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারার দায় তিনি নিজের কাঁধেই নিচ্ছেন। সমর্থকদের উদ্দেশে ক্ষমা চেয়ে তিনি জানান, প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষায়, একজন কোচের কাছে শেষ পর্যন্ত ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি নিজেকেই দায়ী করেন।

হং আরও বলেন, জাতীয় দলের দায়িত্ব শেষ হলেও দক্ষিণ কোরিয়ার ফুটবলের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে। ভবিষ্যতে তিনি একজন সাধারণ সমর্থক হিসেবেই জাতীয় দলের পাশে থাকতে চান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন