রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে খেলার আগে যা বললেন কেপ ভার্দের সেই গোলরক্ষক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:৫৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কয়েক সপ্তাহ আগেও ফুটবল বিশ্বে খুব পরিচিত নাম ছিলেন না কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তবে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এখন আলোচনার কেন্দ্রে। মাঠে অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেড়েছে তার জনপ্রিয়তা। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে।

ভোজিনহার অনবদ্য গোলকিপিংয়ে ভর করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে শেষ ৩২ নিশ্চিত করেছে দলটি। এবার নকআউটে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনহা বলেন, ‘আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারা আমাদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত। বিশ্বের যেকোনো ফুটবলারের জন্যই এটি একটি স্বপ্ন।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে চমকে দেয় কেপ ভার্দে। সেই ম্যাচে একাধিক দুর্দান্ত সেভ করে নায়ক বনে যান ভোজিনহা।

তার সাফল্যের পেছনে রয়েছে আবেগঘন এক গল্পও। একসময় অর্থাভাবে তার মা যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। আর এবার সেই মা গ্যালারিতে বসে ছেলের বিশ্বকাপের লড়াই প্রত্যক্ষ করেছেন।

ভোজিনহা বলেন, ‘আমরা হয়তো এমন কিছু কল্পনা করিনি। কিন্তু দল হিসেবে নিজেদের সামর্থ্যের ওপর আমাদের বিশ্বাস ছিল। অনেকেই ভেবেছিল আমরা একটি ম্যাচও জিততে পারব না। অথচ আমরা প্রমাণ করেছি, এই দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো যোগ্য ফুটবলার রয়েছে।’

মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে বাছাইপর্বে ক্যামেরুনকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নেয়। এখন তারা বিশ্বের সেরা ৩২ দলের একটি।

দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে ভোজিনহা বলেন, ‘আমরা শুধু ১১ জন ফুটবলার নই, বিশ্বের সব কেপ ভার্দিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। আয়তন বা জনসংখ্যায় আমরা ছোট হতে পারি, কিন্তু সাহস ও আত্মবিশ্বাসে আমরা কোনো অংশে ছোট নই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Colombia VS Portugal
90'+1'
0 - 0
World Cup