

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এবার নতুন এক মাইলফলক ছুঁয়েছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে ৫০টি ম্যাচে গোল না খাওয়ার (ক্লিনশিট) রেকর্ড গড়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-০ গোলের জয়ের মাধ্যমে এই কীর্তি অর্জন করে সেলেসাওরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপে ম্যাচ সংখ্যার হিসেবে প্রথম দল হিসেবে ৫০ ক্লিনশিট পূর্ণ করে ব্রাজিল।
বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় ও সর্বাধিক গোলের রেকর্ডধারী ব্রাজিলিয়ানরা এবার রক্ষণভাগেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
ক্লিনশিটের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, যাদের গোল না খাওয়ার ম্যাচ সংখ্যা ৪১টি। ৩৭টি ক্লিনশিট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। আর ৩২টি ম্যাচে গোল হজম না করে চারে রয়েছে ইতালি।
ব্রাজিলের এই সাফল্যের পেছনে গোলকিপারদের অবদান অনস্বীকার্য। এর আগে ১৯৭০ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি এমারসন লিয়াও এবং ক্লদিও তাফারেল ৮টি করে ম্যাচে জাল সুরক্ষিত রেখেছিলেন। বর্তমান গোলকিপার আলিসন বেকার এখন পর্যন্ত ৭টি ম্যাচে কোনো গোল হজম করেননি।
আগামী সোমবার (২৯ জুন) রাতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে আলিসন যদি গোল না খান, তবে তিনি লিয়াও এবং তাফারেলের সেই অনন্য রেকর্ড স্পর্শ করবেন।
বিশ্বকাপে ব্রাজিলের সামগ্রিক পরিসংখ্যান
ম্যাচ : ১১৭ জয় : ৭৮ ড্র : ২০ হার : ১৯ মোট গোল : ২৪৪ মোট ক্লিনশিট : ৫০
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট
ব্রাজিল : ৫০ ম্যাচ জার্মানি : ৪১ ম্যাচ ইংল্যান্ড : ৩৭ ম্যাচ ইতালি : ৩২ ম্যাচ

