

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ এলেই যে ইতিহাস মাথাচাড়া দিয়ে ওঠে বা ওঠানো হয় তাহলো দিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোল। আর্জেন্টাইনরা ও আর্জেন্টিনা সমর্থকরা সেই গোলকে ম্যারাডোনার অমর কীর্তি বা ঈশ্বরের হাত বলে তৃপ্তির ঢেকুর তুললেও ব্রাজিল ও ইংল্যান্ড সমর্থকসহ আর্জেন্টিনাবিরোধীরা সব সময়ই খোঁচা দিয়ে থাকেন। বিষয়টি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের কলঙ্ক বলে বিবেচনায় নেন তারা।
এ নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনার সমাপ্তি ঘটবে না কখনই। যদিও অনেকের অজানা হাত দিয়ে গোলের শুধু আর্জেন্টিনার ইতিহাসেই নেই, ব্রাজিলের জার্সিতেও দেখা গেছে কয়েকটি আলোচিত ঘটনা।
এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছিল ২০১০ বিশ্বকাপে। আর এক্ষেত্রে ম্যারাডোনার ভূমিকায় ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফাবিয়ানো।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আইভরি কোস্ট। ম্যাচের ৫০তম মিনিটে ফাবিয়ানো করেন অসাধারণ এক গোল।
প্রথম দেখায় গোলটি ছিল ফুটবলীয় দক্ষতার এক দুর্দান্ত প্রদর্শনী।
ফাবিয়ানো ডিফেন্ডারদের কাটিয়ে বল নিয়ন্ত্রণে, এরপর শক্তিশালী শটে জালে পাঠান। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, গোল করার আগে বল নিয়ন্ত্রণে রাখতে একাধিকবার তার হাত ও বাহুর স্পর্শ লেগেছিল। আইভরি কোস্টের খেলোয়াড়রা এর প্রতিবাদ করলেও গোল বাতিল হয়নি।
আরও অবাক করা বিষয় হলো, গোলের পর ফরাসি রেফারি স্টেফান ল্যানোয়া হাসিমুখে ফাবিয়ানোর সঙ্গে কথা বলেন। ক্যামেরায় দেখা যায়, তিনি যেন জানতে চাইছেন, বল হাতে লেগেছিল কি না।
ম্যাচ শেষে ফাবিয়ানো নিজেও স্বীকার করেন, বল তার হাত ও কাঁধে লেগেছিল। মজা করে তিনি সেটিকে নিজের ‘পবিত্র হাত’ বলেও উল্লেখ করেন।
তবে সেই বিতর্কের মাঝেও গোলটি ২০১০ বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকে। ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে নেয়।
এর আগেও ১৯৯৫ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের আরেকটি বিখ্যাত হাতের গোল হয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তুলিও মারাভিলিয়া হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল করেন বলে অভিযোগ ওঠে। সেই গোলেই ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল এবং পরে টাইব্রেকারে জয় পায়।
এমন আরও দু-একটি উদাহরণ রয়েছে। তবে বলে হাত স্পর্শের সব ঘটনাকে ছাপিয়ে গেছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ঐতিহাসিক ম্যাচে গোলটি হয় ইংল্যান্ডের বিপক্ষে। ‘হ্যান্ড অব গড’ গোলের বলটি নিলামে উঠেছে।
নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্যবহৃত ওই বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ২৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ কোটি টাকা।
